গোলানে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন :বাংলাদেশ

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলকৃত গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়েছে। বাংলাদেশের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের নীতিমালা এবং নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন। নিরাপত্তা পরিষদের ৪৯৭ প্রস্তাব অনুসারে সিরিয়ার গোলান মালভূমিতে আইনি, জনমিতিক স্ট্যাটাস বাতিলে ইসরাইলের সকল কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কারণ বাংলাদেশ বিশ্বাস করে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ জাতিসংঘের সিদ্ধান্তের সরাসরি লঙ্ঘন। প্রসঙ্গত, সোমবার আনুষ্ঠানিক দখলকৃত গোলান মালভূমিতে ইসরাইলি সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।