হবিগঞ্জে মামলার হাজিরা দিতে গিয়ে কোর্ট পুলিশের সঙ্গে অসদাচরণ করায় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালত তাকে আটক করে হাজতে পাঠায়। পরে ভুল স্বীকার করায় তাকে মুক্তি দেয়া হয়।
আটক ব্যক্তি মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক। অনিক স্থানীয় একটি সংবাদপত্রের মাধবপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, অনিক বৃহস্পতিবার দুপুরে একটি মারামারি মামলায় আদালতে হাজিরা দিতে যান। এ সময় তিনি আদালতের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণ করেন। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে আদালতের সামনে হাজির করে। বিচারক তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মো. কামাল হোসেন জানান, আদালত চলাকালে দায়িত্বরত পুলিশ তাকে বাইরে যেতে বলেছিলেন। কিন্তু তিনি বাইরে না গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় আদালত তাকে আটক করার নির্দেশ দেয়। পরে তিনি ভুল স্বীকার করলে তাকে ছেড়ে দেয়া হয়।
ইত্তেফাক/কেকে
