শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রযুক্তি শুধু আমদানি করেই আমরা এগিয়ে যাব না, বিদেশে রপ্তানি করার যোগ্যতাও অর্জন করতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে তাই বিশ্বমানের প্রযুক্তিজ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। নতুন জ্ঞান অনুসন্ধান ও সৃষ্টি করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজের নবীণবরণ ও বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
তরুণ প্রজন্মই আধুনিক বাংলাদেশ নির্মাণ করবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের অগ্রবাহিনী হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষাক্ষেত্রেও বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। সকলের মতামত ধারণ করে ’জাতীয় শিক্ষানীতি-২০১০’ প্রণয়ন করা হয়েছে। এটা এখন বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষকদেরকে সকলের মাথার মনি এবং মানুষ গড়ার কারিগর উল্লেখ করে নাহিদ বলেন, শিক্ষকরাই আমাদের মূল শক্তি। তারাই নিয়ামক শক্তি।
তারাই দেশ গড়ার জন্য ভাল ও যোগ্য মানুষ তৈরি করবেন। -বাসস।
ইত্তেফাক/এমআই
