কাউন্টিতে দৃষ্টি কোহলির

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৯:২৬
কাউন্টি ক্রিকেট খেলতে চান ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। দলের সর্বশেষ সফরে ব্যক্তিগতভাবে খুব বেশি ভালো করতে পারেননি তিনি। তাই নিজের পারফরমেন্সের উন্নতি ঘটাতে পরবর্তী ইংল্যান্ড সফরের আগে কাউন্টি ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছেন কোহলি।
 
নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম চার টেস্টে এ পর্যন্ত ৬৪০ রান করেছেন কোহলি। পক্ষান্তরে ২০১৪ সালে ইংল্যান্ড সফরে তার ব্যাটিং গড় ছিল মাত্র ১৩.৪০।
 
সুযোগ পেলে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলবেন কিনা- জানতে চাইলে চেন্নাইতে আগামীকাল (শুক্রবার) শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের আগে বৃহস্পতিবার কোহলি বলেন, 'তেমন সুযোগ পেলে আমি তা কাজে লাগাতে চাই।'
 
'বছরের সে সময় সেখানকার (ইংল্যান্ড) উইকেটের অবস্থা বুঝতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সফরের এক/দেড় মাস আগে আমি কাউন্টি খেলতে চাই।'
 
সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী কোহলির নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বাগতিক ভারত। পাঁচ টেস্টের সিরিজে এক ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে সফরকারী ইংল্যান্ড। বাকি ম্যাচটি শুরু হবে আগামীকাল।
 
তিনি বলেন, 'এপ্রিল-মে মাসে আকর্ষণীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেললেও ২০১৮ সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে কাউন্টি ক্রিকেটের জন্য সময় বের করার চেষ্টা করছেন।
 
ইত্তেফাক/এসএস