জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (ক্রিকেট) যাত্রা শুরু করলো বাংলাদেশ যুব দল। 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এই নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তানকে হারালো বাংলাদেশের যুবারা।
এর আগের জয়টি বাংলাদেশের এসেছিলো ১০ উইকেটে। শ্রীলঙ্কার মাতার স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান। সীমিত ওভারের ম্যাচে বাংলাদেশ বোলারদের সামনে বড় ইনিংস খেলতে পারেননি আফগানিস্তানের ব্যাটসম্যানরা। ফলে ৪৮ দশমিক ৩ ওভারেই ১৪৬ রানেই গুটিয়ে যায় আফগানরা। দলের পক্ষে নিশার ওয়াদাত ৩২, অধিনায়ক নাভেদ উল হক ২৭, পারভেজ ২৩ রান করেন। বাংলাদেশের কাজী অনিক ৪টি ও মুকিদুল ইসলাম ৩টি উইকেট নেন।
জবাবে অধিনায়ক সাইফের ব্যাটিং দৃঢ়তায় ৪১ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ওপেনার হিসেবে নেমে ১০টি চারের সহায়তায় ১২৯ বলে ৬৭ রান করেন সাইফ। এছাড়া রায়ান রাফসান রহমান ৩২, বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলা আফিফ হোসেন ১৯ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১২ রান করেন। আফগানিস্তানের জহির খান ২টি উইকেট নেন।
আগামীকাল গল-এ সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। আর ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সাইফ-আফিফরা।
ইত্তেফাক/এসএস
