স্মিথের সেঞ্চুরিতে দিন শেষে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ২১:৫১
ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনটি নিজের করে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
 
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন স্মিথ। তার সেঞ্চুরির ওপর ভর করে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৮৮ রান করেছে অস্ট্রেলিয়া। স্মিথের অপরাজিত ১১০ রানের পাশাপাশি ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করেছেন ওপেনার ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব। রেনশ ৭১ রানে ফিরলেও, ৬৪ রানে অপরাজিত আছেন হ্যান্ডসকম্ব।
 
একবার জীবন পেয়ে টেস্ট ক্যারিয়ারের ১৬তম ও পাস্তিানের বিপক্ষে প্রথম সেঞ্চুরির স্বাদ পান তিনি। সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত আছেন স্মিথ। তার ১৯২ বলের ইনিংসে ১৬টি চার ছিলো।
 
৮টি চারে ১৫০ বলে ৬৪ রানে অপরাজিত আছেন হ্যান্ডসকম্ব। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ পান তিনি। পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট নেন আমির, ওয়াহাব ও ইয়াসির।
 
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে) :
অস্ট্রেলিয়া : ২৮৮/৩, ৯০ ওভার (স্মিথ ১১০*, রেনশ ৭১, হ্যান্ডসকম্ব ৬৪*, আমির ১/৪০)।
 
ইত্তেফাক/এসএস