মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ২২:২৪
মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 
 
বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভারতের কলকাতার ফোর্ট উইলিয়ামে  বিজয় দিবস সেলিব্রেশন-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় বাঙ্গালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
 
তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী ভারতীয় ইস্টার্ন কমান্ডের কথা স্মরণ করে বলেন, মুক্তিবাহিনী ও ভারতের ইস্টার্ন কমান্ডের সমন্বয়ে গঠিত সম্মিলিত বাহিনীর সমন্বিত যুদ্ধ পরিকল্পনায় খুব অল্প সময়েই পাকিস্তানি বাহিনী ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।
 
আসাদুজ্জামান খান কামাল মুক্তিযুদ্ধের সময় প্রায় ১ কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দেয়ার কথা স্মরণ করে বলেন, শরণার্থীদের আশ্রয় দেয়ার পাশাপাশি ভারত মুক্তিযোদ্ধাদের  প্রশিক্ষণ, অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সাহায্য করে।
 
ইস্টার্ন কমান্ডের বর্তমান জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফট্যান্যান্ট জেনারেল প্রভিন বকশির সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের চারজন মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বাহিনীর পাঁচজন সদস্য বক্তব্য প্রদান করেন।
 
প্রসঙ্গত, ভারতীয় ইস্টার্ন  কমান্ডের আয়োজনে প্রতিবছর কলকাতায় বিজয়ের মাসে বিজয় দিবস সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচদিন ব্যাপী (১৪-১৮ ডিসেম্বর)  অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে বাংলাদেশের মু্ক্তিযোদ্ধাদের একটি দল অংশ গ্রহণ করেন।  
 
ইত্তেফাক/ইউবি