খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা হচ্ছে :ফখরুল

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:৩৫

সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়া কারাগারে এখন এতোটাই অসুস্থ যে, তিনি এখন তার কক্ষেও হাঁটতে পারছেন না, অন্যের সাহায্য নিতে হচ্ছে। তিনি মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। তারপরও এই জনপ্রিয় নেত্রীকে কোনো রকমের সুচিকিত্সা দেওয়া হচ্ছে না।

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান ডা. জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, আব্দুল কুদ্দুস সিরাজুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।               

মির্জা ফখরুল বলেন, ‘মঙ্গলবার বেগম জিয়ার পরিবার তার সাথে কারাগারে সাক্ষাত্ করতে গিয়েছিলেন। তারা জানিয়েছেন, তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন।’ তিনি বলেন, ‘আমাদের দাবি অবিলম্বে এই মুহূর্তে তার সুষ্ঠু চিকিত্সার জন্য তার পছন্দমতো হাসপাতালে স্থানান্তর করা হোক। অন্যথায় যদি তার স্বাস্থ্যের অবনতি ঘটে, এর দায়-দায়িত্ব কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকেই বহন করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘হাইকোর্টের আদেশ অনুযায়ী গত ৮ অক্টোবর বোর্ডের সিদ্ধান্তে তাকে চিকিত্সার জন্য পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে বিনা চিকিত্সায়, চিকিত্সকের অনুমতি ছাড়াই তাকে আবার কারাগারে প্রেরণ করা হয়। এরপর সাড়ে তিন মাস যাবত্ তার কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়নি।’

ফখরুল অভিযোগ করে বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে গঠিত মেডিক্যাল বোর্ড উনাকে দেখতে যান। আমি বলবো না তারা পরীক্ষা করতে গিয়েছিলেন। কারণ তারা কোনো যন্ত্রপাতি নিয়ে সেখানে যাননি।’ তিনি বলেন, ‘চিকিত্সকরা তাকে দেখে ২৫ ফেব্রুয়ারি যে রিপোর্ট প্রদান করে। সে রিপোর্টে পরিষ্কারভাবে হাসপাতালে ভর্তির কথা বলা হয়েছে এবং ইমিডিয়েটলি তার রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। এরপর ১৯ মার্চ তার রক্ত নেওয়ার জন্য কারাগারে চিকিত্সক পাঠানো হয়। পরে সেই রক্ত নিয়ে আসা হলেও এখনো পর্যন্ত এর কোনো রেজাল্ট দেওয়া হয়নি।’