বাগেরহাটে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ২০:৪১
বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন পুরাতন বরফকল সংলগ্ন একটি পুকুর থেকে শনিবার বিকেলে আলমগীর হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। আলমগীর ঝনঝনিয়া মালিডাঙ্গা এলাকার মোশাররফ হোসেনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। 
 
নিহতের পিতা মোশাররফ হোসেন জানান, বৃস্পতিবার সন্ধ্যা ৭টায় ব্যবসার কাজ শেষে সে ভাগা এলাকা থেকে একটি মটরসাইকেল যোগে বের হয়। রাত ৯টার দিকে তার মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। 
 
মোটরসাইকেল চালক ও নিহতের বন্ধু পলাশ জানায়, তার মামা পারগোবিন্দপুর এলাকার হায়দার শেখের বাড়িতে নামিয়ে দিয়ে সে চলে আসে। পরবর্তীতে আলমগীরকে কোথাও পাওয়া না গেলে শুক্রবার রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 
 
নিহতের চাচাতো ভাই গ্রাম পুলিশ হুমায়ূন কবির জানান, শনিবার বিকেলে মামা হায়দার শেখের একটি পুকুরে আলমগীরের লাশ পাওয়া যায়।
 
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।
 
 
ইত্তেফাক/এমআই