আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৬ উপলক্ষে আজ রবিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘বাংলাদেশের অর্থনীতি শক্তিশালীকরণে অভিবাসীদের অবদান’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধায়ন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব বেগম শামছুন নাহার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম.এ সবুর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মরণ কুমার চক্রবর্তী। — প্রেস বিজ্ঞপ্তি
