প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, 'সরকার অভিবাসন প্রক্রিয়ার মান উন্নয়ন এবং অভিবাসী কর্মীদের জন্য ৫০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। '
প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বছরে কমপক্ষে ৫ লাখ দক্ষ জনশক্তি তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
মন্ত্রী রবিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সিআইপি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
'উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে' এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সারাদেশে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন করা হচ্ছে।
জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতিবছর ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন করা হয়। আন্তর্জাতিক অভিবাসন দিবস উদযাপন উপলক্ষে রবিবার ২০১৬ সালের ৪টি ক্যাটাগরিতে দেশের ১ হাজার ৭৬ জন ছাত্র-ছাত্রীকে প্রায় দেড় কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস।
ইত্তেফাক/এসএস
