করুণের রেকর্ড ট্রিপল সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের চূড়ায় ভারত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯
চেন্নাই টেস্ট ম্যাচটির স্পটলাইট থাকার কথা ১৯৯ রান করে ডাবল সেঞ্চুরির হতাশায় পোড়া লোকেশ রাহুলের। কিন্তু সব আলো নিজের দিকে টেনে নিলেন রাজস্থানের ২৫ বছর বয়সী তরুণ করুন নায়ার। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে অভিষেক সেঞ্চুরিটিকে পরিণত করেছেন ট্রিপল সেঞ্চুরিতে।
 
লোকেশের ১৯৯ ও করুনের দানবীয় ইনিংসে ইংল্যান্ডের ৪৭৭ রানের জবাবে টেস্টে নিজেদের সর্বকালের সর্বোচ্চ স্কোর ৭৫৯ রান করেছে ভারত। ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম সেঞ্চুরিটিকে তৃতীয় শতকে রূপান্তরিত করেছেন করুণ। শুধু তাই নয়, ভারতে বিরেন্দর শেবাগের পরে ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান তিনি।
 
নায়ারের অপরাজিত ৩০৩ রানের সুবাদে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৭৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। ফলে প্রথম ইনিংস থেকে ২৮২ রানের লিড পায় টিম ইন্ডিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে দিন শেষে বিনা উইকেটে ১২ রান করেছে ইংলিশরা। এখনো ২৭০ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। 
 
তৃতীয় দিন শেষে ৭১ রানে অপরাজিত ছিলেন নায়ার। স্বপ্ন ছিলো সেঞ্চুরির। কিন্তু চতুর্থ দিন থেকে ব্যাট হাতে দুর্দান্ত গতিতে এগিয়ে যান নায়ার। তার ব্যাটিং নৈপুণ্যে অসহায় ছিলো ইংল্যান্ডের বোলাররা। তাই ১৮৫ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ইনিংসেই প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নায়ার। 
সেঞ্চুরি তুলেও ক্ষান্ত হননি নায়ার। রান তুলেছেন অবলীলায়। এরপর ৩০৬ বলে স্বাদ পান ডাবল-সেঞ্চুরির। সতীর্থ ওপেনার লোকেশ রাহুলের ডাবল-সেঞ্চুরি না পাওয়ার হতাশা ক্রিজেই থেকেই দেখেছিলেন নায়ার। তাই সেই হতাশায় নিজে ডুব দেননি তিনি। উল্টো দিনের শেষভাগে ট্রিপল সেঞ্চুরি করে নিজের অর্জনটাকে অনেক বেশি সমৃদ্ধ করেছেন নায়ার। 
 
৩৮১তম বলে বাউন্ডারি হাঁকিয়ে ট্রিপল সেঞ্চুরির স্বাদ নেন ২৫ বছর বয়সী নায়ার। ফলে দ্বিতীয় ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরির স্বাদ নেন তিনি। এর আগে দু’বার ট্রিপল সেঞ্চুরি করেছিলেন সাবেক ওপেনার বিরেন্দার শেবাগ। শেষ পর্যন্ত ৩২টি চার ও ৪টি ছক্কায় ৩৮১ বলে ৩০৩ রানে অপরাজিত থাকেন নায়ার। 
 
নায়ারের পাহাড় সমান ইনিংসের পাশে রবিচন্দ্রন অশ্বিন ৬৭ ও রবীন্দ্র জাদেজা ৫১ রান করেন। ফলে ৭ উইকেটে ৭৫৯ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ ভারতের। ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও লিয়াম ডসন। 
 
ভারত ইনিংস ঘোষণা করায় দিনের শেষভাগে ৫ ওভার ব্যাট করার সুযোগ পায় ইংল্যান্ড। বিনা উইকেটে ১২ রান তুলেছে তারা। অধিনায়ক অ্যালিস্টার কুক ৩ ও কিটন জেনিংস ৯ রানে অপরাজিত আছেন। ক্রিকবাজ।
 
ইত্তেফাক/এসএসএ