রাজধানী ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস কমিউটার ট্রেনের ইঞ্জিন চালক, সহকারী চালক ও সুপারভাইজারকে আজ সোমবার দুপুরে নেত্রকোনা কোর্ট রেল স্টেশনে দুর্বৃত্তরা নাজেহাল ও মারধর করেছে। এই ঘটনায় ট্রেনটি চালক না চালানোর কারণে এই লাইনের অন্যান্য ট্রেনও আটকা পড়েছে। এতে ট্রেনযাত্রীরা দুর্ভোগে পড়েছেন। হামলায় চালকসহ তিনজন আহত হন। বিকল্প ইঞ্জিন চালক না আসা পর্যন্ত ট্রেন চলবে না বলে রেলের একটি সূত্র জানিয়েছে।
জানা গেছে, মহুয়া এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা কোর্ট রেল স্টেশনে পৌঁছলে তিন যুবক ইঞ্জিন ও ট্রেনের ছাদে উঠতে চাইলে তাদের বাধা প্রদান করা হয়। এরই জের ধরে আজ দুপুর আড়াইটায় নেত্রকোনা কোর্ট স্টেশনে ট্রেনের চালকসহ অন্যান্যদের ওপর হামলা করে। এতে ইঞ্জিন চালক এনায়েত হোসেন, সহকারী জাহাংগীর আলম এবং সুপারভাইজার মোফাজ্জল হোসেন আহত হন। আহতদের দ্রুত নেত্রকোনা হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ কারণে মহুয়া ট্রেনটি এ স্টেশনেই পড়ে থাকে। চালকরা এর বিহীত না হওয়া পর্যন্ত ট্রেন চালাতে অপারগতা প্রকাশ করে একধরনের অবস্থান ধর্মঘট করেন। ফলে নেত্রকোনা-মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেনের চালক আহত এনায়েত হোসেন জানান, আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা থেকে মহুয়া কমিউটার লোকাল ট্রেন মোহনগঞ্জের উদ্দ্যেশে দুপুর আড়াইটায় নেত্রকোনা কোর্ট স্টেশনে পৌঁছে। এ সময় ৩ যুবক ইঞ্জিনে ও ছাদে উঠতে গেলে চালক বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। এতে চালকসহ ৩ জন আহত হয়। দুপুর থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ইত্তেফাক/এমআই
