জটিল বিষয় সাবলীলভাবে উপস্থাপনের ক্ষমতা ছিল শাকিলের : মুহিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৮:০১
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জটিল বিষয়গুলো অনুধাবন করে তা সাবলীলভাবে লেখার ক্ষেত্রে শাকিলের ক্ষমতা ছিল অসাধারণ। তিনি বলেন, ‘আমি নিঃসন্দেহে বলতে পারি, জটিল বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে তা আত্মস্থ করে সাবলীলভাবে তা লেখার ক্ষেত্রে তার ছিল অসাধারণ ক্ষমতা।’
 
মুহিত আরো বলেন, ‘কঠিন কোন বিষয় একটু বুঝিয়ে বললেই তিনি তা আত্মস্থ করে নিতেন এবং তা সুন্দর করে লিখে হাজির করতেন।’ আবুল মাল আব্দুল মুহিত মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য প্রয়াত বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন।
 
মাহবুবুল হক শাকিলের কর্মজীবনের সহকর্মী, বন্ধু-বান্ধবরা ‘সুহৃদজন’ নামে একটি সংগঠনের নামে এ স্মরণ সভার আয়োজন করে। মাহবুবুল হক শাকিলের স্মৃতিচারণ করে আবুল মাল আব্দুল মুহিত বলেন, শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করতেন। সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ ও অপছন্দ সম্পর্কে ভালোভাবে বুঝতেন।
 
এ বিষয়ে তিনি বলেন, শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ এবং অপছন্দের বিষয়ে সব সময় অত্যন্ত সতর্ক থাকতেন। তিনি তার কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুগ্ধ করে রাখতেন। অর্থমন্ত্রী আরো বলেন, শাকিল রাজনৈতিক বিষয়াবলী অনুধাবন করে তা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন।
 
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শাকিলের স্মৃতি চারণ করে বলেন, একাত্তরের ঘাতকদের বিচার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাঁর এ অসাধ্য সাধনের পেছনে যে ছোট ছোট অবদান রয়েছে তার মধ্যে শাকিল একজন।
 
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান, কবি অসীম সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন সংবাদ প্রতিদিনের উপ সম্পাদক কামাল পাশা চৌধুরী।
 
ইত্তেফাক/এসএসএ