বর্তমান আর সাবেক শিক্ষার্থীদের পাদচারণা ও মিলনমেলায় মঙ্গলবার মুখরিত ছিল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর ক্যাম্পাস।
একসঙ্গে নাচ, গান, আড্ডা আর নানা আয়োজনে মেতেছিলেন তারা। বিশ্ববিদ্যালয়টির ১৩তম বর্ষপূর্তিতে 'ডুয়েট ডে-২০১৬' উপলক্ষে ছিল উৎসবের মুখর। গোটা ক্যাম্পাসও সেজেছিল বর্ণিল সাজে।
সকালে পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। এর আগে ভোরে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন এর নেতৃত্বে পুরাতন একাডেমিক ভবনের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালী শেষে 'প্রযুক্তির উন্নয়নে, জাগ্রত ডুয়েট গড়তে ডিজিটাল বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, ডুয়েট ছাত্রলীগের সভাপতি মোঃ নাসিরুদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউর রহমান রাতুল প্রমুখ। উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ গণেশ চন্দ্র সাহা, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ প্রমুখ।
উল্লেখ্য, দেশে ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান ডুয়েট। বর্তমানে ডুয়েটে চারটি অনুষদের অধীন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি প্রদানকারী বিভাগসহ মোট ১৩টি বিভাগ ও তিনটি ইন্সটিটিউট আছে। এখানে প্রায় আড়াই হাজারের উপরে শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/এসএস
