৯ বিষয় বিবেচনায় নিতে রাষ্ট্রপতিকে জাপার প্রস্তাব

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ০০:৫৯

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঁচটি প্রস্তাব দিয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে ইসি গঠনে চলতি সংসদেই আইন প্রণয়নের প্রস্তাব রয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতা মূল্যায়নে নয়টি বিষয় বিবেচনায় নেওয়ার সুপারিশ করেছে দলটি। এগুলো হচ্ছে- নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত বিষয়ে জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয় নয়, অন্য অফিসে নিয়োগ বিধি-নিষেধ এবং চারিত্রিক স্বচ্ছতা। গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে দলটি এম সব প্রস্তাব তুলে ধরে।

জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের নেতৃত্বে জাপার ১৮ সদস্যের প্রতিনিধি দল দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে যান। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন- সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙা, মুজিবুল হক চুন্নু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম,  এসএম ফয়সল চিশতি, এ টি ইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আক্তার ও সালমা ইসলাম। বিকাল সাড়ে চারটায় জাপার প্রতিনিধি দলটি বঙ্গভবন থেকে বের হয়ে আসে।

জাপার অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে- সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন, সেখানে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান রাখা ও নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় করা।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিতই আছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, নতুন করে  ইসি গঠনে রাষ্ট্রপতির এই উদ্যোগ ইতিবাচক।