বিমুগ্ধতার একটা প্রকাশ থাকে, আকাঙ্ক্ষা থাকে, কল্পনা থাকে,
থাকে মায়াজাল ঘেরা অনাবিল শান্তি।
আমি তোমার বিমুগ্ধতাতে বারবার হেরে যাই।
সর্বক্ষণ তোমার নেশায় বুঁদ হয়ে থাকি।
বুঝতে পারি, তোমার নামে একটা ডাকপিয়ন
আসে গাদা গাদা চিঠিতে ভরা ঝুলি নিয়ে।
কখনো দুয়ারের কোণে, কখনো জানালার শিক ধরে,
ডাকপিয়নের পথ চেয়ে থাকি।
তোমার নামটি ধরে বারবার ডেকে উঠি আমি।
তুমি কখন আসবে?
সেদিন আমি বুকের আড়ালে, ছায়াতরুর শান্তির নীড়ে,
নিমগ্ন কাল বিমুগ্ধতায় কাটিয়ে দেবো।
আমি অনন্তকাল সেই স্বপ্নের পূর্ণতায়
পূর্ণ যুবতীর শাশ্বত মূর্তি হবো!
