শাবিপ্রবির ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৭:২০
ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের জের ধরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। 
 
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
 
এদিকে মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
কমিটির অন্য সদস্যরা হলেন শাহপরাণ হলের প্রভোস্ট শাহেদুল হোসেন, দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য ও সহকারী প্রক্টর আলমগীর কবির। 
 
বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব মুহাম্মদ ইশফাকুল হোসেন ইত্তেফাককে বলেন, সিন্ডিকেটের জরুরী সভায় আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ছাত্রদের আবাসিক হলও ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে ছাত্রীদের আবাসিক হল খোলা থাকবে। 
 
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুন্সি নাসের ইবনে আফজাল বলেন, পুলিশ প্রশাসনকে ঘটনা জানানো হয়েছে। জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান,  ক্যাম্পাসের আইনশৃংখলা যাতে শান্ত থাকে, পুলিশ সেই অনুযায়ী কাজ করছে। 
 
ইত্তেফাক/এমএইচ