এই সময়ের ছড়া

দানাপানি খায় না পাখি

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২১:২৫

ডানা ঝাপটে পাখি কী চায়

তার বসতি বুকের খাঁচায়

ছটফটিয়ে পলাইতে চায়

           বান্ধা পইড়া আকুলব্যাকুল

           করতে থাকে ছেলেমি ভুল

হোঁচট খাইয়া আহত হয়

         আপনা বাড়ির আঙিনায়—

ইচ্ছা করেই পথ সে হারায়

নজরটা কই?

      দূর আকাশের তারায় তারায়

কুক্ষণে সে চড়ল কেন

          মাটির দেহের এই ভাঙা নায়—

দানাপানির ধার না ধেরে

একদিন সে যাবেই ছেড়ে

            কে জানে রে কোন্ অবেলায়!

জানি না এর কার্যকারণ

বেশি জানতে নিষেধ বারণ

           কান্দি ফোঁপাই এই বিরানায়।