কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সরকারি কাজে বাধাদানসহ কর্মকর্তাদের হুমকি প্রদানের অভিযোগে বুধবার রাতে মেঘনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের করিমাবাদ গ্রামে ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ বন্ধ করে দেন মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। খবর পেয়ে গত সোমবার ওই ব্রিজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার সুমী ও অন্যান্য কর্মকর্তারা।
এ সময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হুমকি প্রদান করেন। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী অনিল সিংহ বাদী হয়ে মেঘনা থানায় মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এসএসএ
