নাসিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন: সংশ্লিষ্টদের সিইসির ধন্যবাদ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২০:৪৩
 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন আহমেদ।
 
তিনি বলেন, ‘মূলত প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব হয়েছে।’ নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে বিকেলে নারায়ণগঞ্জ নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।
 
সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিবারই আমরা উদ্যোগ নেই। এবার জায়গাটা ছোট ছিল। প্রচুর আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেয়া হয়েছিল। এছাড়া প্রার্থীরাও সহযোগিতা করেছে।’ 
 
তিনি বলেন, নির্বাচনে প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে, আনন্দচিত্তে ভোট কেন্দ্রে এসে স্বাচ্ছন্দে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।
 
ইত্তেফাক/এএম।