উদীচী'র ২০তম জাতীয় সম্মেলন শুরু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২১:৩৫
'জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই' এ প্রত্যয় নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন।
 
বৃহস্পতিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডা. সাঈদ হায়দার।
 
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলী গোলাম আরিফ টিপু।
 
এসময় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন ডা. সাঈদ হায়দার এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী'র সভাপতি কামাল লোহানী।
 
বর্তমান বাংলাদেশের নানা প্রেক্ষাপটকে কেন্দ্র করে উদীচী'র কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাওজালের গ্রন্থনা ও নির্দেশনায় অসাধারণ পরিবেশনা তুলে ধরেন উদীচী'র শিল্পী-কর্মীরা।
 
উদ্বোধনী পর্ব শেষে একটি বর্ণাঢ্য ও প্রাণবন্ত শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সারাদেশ থেকে আগত উদীচী’র কয়েক হাজার শিল্পী-কর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা উৎসব মুখর হয়ে উঠে। গুরুত্বপূর্ণ নানা সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। -বাসস।
 
ইত্তেফাক/এসএস