‘সার্ভাইভিং ৭১’-এ জয়া আহসান

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২১:৩২

হলিউডের বাংলাদেশি অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা নির্মাণ করছেন মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র ‘সার্ভাইভিং ৭১’। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইউটিউবে একটি টিজারও প্রকাশিত হয়েছে। নতুন খবর হচ্ছে, এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন জয়া আহসান। তিনি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দেবেন।

জয়া আহসান বলেন, ‘অনেকদিন আগে কথা হয়েছে কাজটি প্রসঙ্গে। বেশ ভালো লেগেছে আমার গল্পটি শুনে। তাছাড়া এটি বেশ ভালোমানের কাজ হচ্ছে। নিজেকে এই কাজের সঙ্গে যুক্ত করতে পেরে আমি আনন্দিত।’

জয়া আহসান আরো বলেন, ‘কবে ভয়েস দেবো সেটা এখনো ঠিক হয়নি। তবে আশা করছি চার-পাঁচ মাসের মধ্যে এটা শুরু করতে পারবো।’

‘সার্ভাইভিং ৭১’-এর কাজ এখন পুরোদমে চলছে। সেই কাজে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করছেন ওয়াজিত ইবনে রেজা। তিনি বলেন, ‘চরিত্রের সাথে সামঞ্জস্য রেখেই ভয়েসের জন্য আর্টিস্ট নিয়েছি। জয়া আহসান ছাড়াও অনেকেই কণ্ঠ দেবেন। এরমধ্যে তানযীর তুহিন, গাউসুল আলম শাওন, সামির আহসান অন্যতম। আমার কণ্ঠও থাকছে।’

এদিকে পহেলা বৈশাখে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে। এতে জয়া আহসানকে দেখা গেছে, একঝাঁক পায়রা উড়িয়ে বিজয়িনীরূপে হাজির হতে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া ‘সার্ভাইভিং ৭১’-এর ছোট্ট ভিডিওচিত্রটিতে দেখা যায়, ট্রেনে বন্দি কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে নদী পাড়ি দিচ্ছে পাকহানাদার বাহিনী। তাদের পরিকল্পনা, চোখ বাঁধা অবস্থায় মুক্তিযোদ্ধাদের গুলি করে চলন্ত ট্রেন থেকে নদীতে ফেলে দেওয়া। যেখানে সরীসৃপের মতো জিহ্বা, কান ও চোখ দিয়ে হানাদার বাহিনীর নিষ্ঠুর দিকও তুলে ধরেছেন এই অ্যানিমেটর।