রবীন্দ্রনাথের গানে সত্যের জয়গান দিয়ে শুরু হলো তিন দিনের রবীন্দ্রসঙ্গীত উত্সব। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল সন্ধ্যায় ছিল বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে ‘অষ্টবিংশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত উত্সব’। ‘
উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা আমিনা আহমেদ। সভাপতি ছিলেন সংস্থার সভাপতি তপন মাহমুদ।
একক গান শোনান কাদেরী কিবরিয়া, অভিক দে, স্বপ্নীল সজীব, আশিকুর রহমান আশিক, চঞ্চল খান, অনিকেত আচার্য, রানা সিনহা, প্রমোদ দত্ত, জাফর আহমেদ, নকুল চন্দ্র দাস, অনিন্দিতা রায় পিউ, সীমা সরকার, রাবেয়া আক্তার, সাগরিকা জামালী, তানজিনা তমা, অনুুশ্রী ভট্টাচার্য প্রমুখ। আবৃত্তি করেন জয়ন্ত রায়।উত্সবের ২য় দিন আজ প্রভাতী অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ৯টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। সকাল ১১টায় ‘শাপমোচন’ নৃত্যনাট্য পরিবেশন করবে পল্লবী ডান্স সেন্টার। সান্ধ্যকালীন অধিবেশনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সৈয়দ হাসান ইমামকে সম্মাননা প্রদান করা হবে। আগামীকাল সমাপনী দিনের আয়োজন শুরু হবে বিকাল ৪টায়। সন্ধ্যায় সম্মাননা দেওয়া হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আবদুল জব্বারকে।
এদিকে জনতার ঐক্যে সাম্প্রদায়িকতাকে দমনের প্রত্যয়ে শুরু হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করা হয় তিনদিনের এ সম্মেলন।
অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডা. সাঈদ হায়দার। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু। এ সময় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ডা. সাঈদ হায়দার এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী’র সভাপতি কামাল লোহানী।
বিকাল ৫টায় শুরু হয় উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান। এ পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু। আজ সম্মেলনের দ্বিতীয় ও আগামীকাল তৃতীয় দিনে সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত কাজী বশির মিলনায়তনে (ঢাকা মহানগর নাট্যমঞ্চ, গুলিস্তান)- চলবে সম্মেলনের সাংগঠনিক অধিবেশন।
জাতীয় উদ্ভিদ উদ্যানে পাখিমেলা আজ:
মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে আজ শুক্রবার দিনব্যাপী পাখিমেলা অনুষ্ঠিত হবে। বন বিভাগ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এতে থাকবে পাখির আলোকচিত্র প্রদর্শনী, ভিডিও শো, পাখি বিষয়ক বিভিন্ন বই ও ম্যাগাজিনের প্রদর্শনী এবং টেলিস্কোপ দিয়ে উদ্ভিদ উদ্যানের পাখি দেখার সুযোগ। সেই সঙ্গে থাকবে পাখি ও প্রকৃতি বিষয়ক লোকগীতি। উদ্ভিদ উদ্যানে এটিই প্রথম পাখিমেলা। মেলা শুরু হবে সকাল ১০টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। পাখিমেলা উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখিবিদ ইনাম আল হক, বন বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক অসিত রঞ্জন পাল এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
কোরিয়ান শিল্পীদের ক্লাসিক্যাল মিউজিক কনসার্ট: বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া তাদের বন্ধুত্বের ৪৩ বছর উদযাপন করছে ২০১৬ সালে। এরই অংশ হিসেবে শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে দক্ষিণ কোরিয়ার শিল্পীদের পরিবেশনায় দুইদিনব্যাপী ক্ল্যাসিকাল মিউজিক কনসার্টের শুরু হয়েছে বৃহস্পতিবার। আয়োজনে দক্ষিণ কোরিয়া দূতাবাস। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে দ. কোরিয়ার রাষ্ট্রদূত অন সাং ডু, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ।
ইত্তেফাক/এএন
