দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য আসছে দুই সিমের আইফোন!

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১১:০৬
বিকাশমান স্মার্টফোন বাজারে অ্যাপলের জনপ্রিয়তা নেই তেমন। এখানে জনপ্রিয়তার বেশিরভাগটাই দখল করে আছে চীনা স্মার্টফোন নির্মাতারা। বিকাশমান বাজারের গ্রাহকদের কাছে দুই সিমের ফোনের রয়েছে আলাদা কদর, আর সেটাই বাজারজাত করে থাকে চীনা স্মার্টফোন নির্মাতারা।
 
এবার বিকাশমান বাজারে নজর পড়েছে অ্যাপলেরও। আর সেজন্যই শেষ প‌র্যন্ত দুই সিম সমর্থিত আইফোন তৈরি করছে তারা। এমনই এক সম্ভাবনার খবর জানিয়েছে বিজিআর এবং নিউজ ১৮ ডটকম।
 
সূত্রের খবরে দাবি, দুই সিম সমর্থিত আইফোনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্যই তৈরি করছে অ্যাপল।
 
চলতি বছরের মার্চ মাসে চীনে দুই সিম সমর্থিত আইফোন তৈরির পেটেন্টের জন্য আবেদন করে অ্যাপল। সেই আবেদন মঞ্জুর হয়েছে সেপ্টেম্বরে। চীনের স্টেট ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস সূত্রে এ কথা জানা গেছে। এছাড়া খবরটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন লি সু নামে অ্যাপলের এক চীনা কর্মকর্তা।
 
শুধু চীনে নয়; মার্কিন যুক্তরাষ্ট্রেও দুই সিমের আইফোন তৈরির অনুমতি পেয়েছে অ্যাপল। ফলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল বাজার ধরতে এখানেও দুই সিমের আইফোন আনতে পারে অ্যাপল।
 
দক্ষিণ-পূর্ব এশিয়ায় দুই সিমের ফোন ব্যবহারের প্রবণতা বাকি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। একাধিক ফোন বয়ে বেড়ানোর চেয়ে দুই সিমের ফোনই পছন্দ এ অঞ্চলের স্মার্টফোনপ্রেমীদের। এখানেই কিছুটা হলেও বাজার হারাচ্ছে অ্যাপল।
 
একজন গ্রাহক হয়তো একাধিক সিম ব্যবহার করেন। কিন্তু তার কাছে রয়েছে একটি মাত্র আইফোন। এক্ষেত্রে তিনি একটি আইফোন ব্যবহার করছেন ঠিকই, পাশাপাশি অন্য একটি দুই সিমের ফোন ব্যবহার করে একাধিক সার্ভিস প্রোভাইডারের দেওয়া অফার উপভোগ করছেন। এই জায়গাটাকেও ধরতে চাইছে অ্যাপল।
 
 
ইত্তেফাক/এএম