ইতালিতে বার্লিন ‘হামলাকারী’ পুলিশের গুলিতে নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৭:০৮
জার্মানির রাজধানী বার্লিনের একটি ক্রিসমাস বাজারে লরি চালিয়ে যে ব্যক্তি হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, মিলানে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে বলে ইতালি থেকে পাওয়া খবরে জানা গেছে।
 
ইতালিয়ান সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, মিলানে গুলিতে যে ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে তিনি বার্লিন সন্দেহভাজন হামলাকারী তিউনিশিয়ান আনিস আমরি।
 
প্রাথমিক বিষয়টির সত্যতা নিশ্চিত করা সম্ভব না হলেও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
 
সন্দেহভাজন ওই হামলাকারীর নাম আনিস আমরি। বলা হচ্ছে, শুক্রবার ভোর রাতে পুলিশ একটি রেল স্টেশনের বাইরে নিয়মিত টহল দেয়ার সময় তাকে থামায়।
 
তারপর যখন তাকে পরিচয়পত্র দেখাতে বলা হয় তখন সে গুলি চালাতে শুরু করে। এসময় সে ‘আল্লাহু আকবর’ বলেও চিৎকার করছিলো বলে বলা হচ্ছে।
 
এতে একজন পুলিশ অফিসার আহত হয়েছেন। তখন পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি নিহত হয়। সোমবার ১৯ ডিসেম্বর রাতে ট্রাক হামলার ওই ঘটনার কয়েক ঘণ্টা পর একটি মসজিদের সামনে তাকে দেখা যায়। যা ঘটনাস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে। এ সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করেছে জার্মানির সংবাদ সংস্থা আরবিবি।
 
এর আগে আনিস আমরিকে ধরার জন্য পর্যাপ্ত তথ্য চেয়ে এক লাখ ইউরো পুরস্কার ঘোষণা করে জার্মান সরকার। যে ট্রাকের মাধ্যমে হামলা চালানো হয় তার নিচে পাওয়া পরিচয়পত্র থেকে আমরির পরিচয় নিশ্চিত করে জার্মান পুলিশ।
 
সোমবার বাংলাদেশ সময় দিনগত রাত ৩টার দিকে বার্লিনের জনাকীর্ণ একটি বাজারে ওই ট্রাক হামলার ঘটনায় শেষ খবর পর্যন্ত ১২ জন নিহত ও প্রায় অর্ধশত মানুষ আহত হন।
 
ইত্তেফাক/এমএইচ