অ্যান্টিভাইরাস ছাড়া কম্পিউটার নিরাপদ রাখার উপায়

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২১:৩৭

 

যাবতীয় সেবা প্রদান ও গ্রহণকে আরো সহজ করতে কম্পিউটারের ব্যবহার লক্ষ্যণীয়। বতর্মানে আমাদের প্রয়োজনীয় যাবতীয় ক্ষেত্রে কম্পিউটাররে ব্যবহার হয়ে থাকে। এই প্রয়োজনীয় পণ্যটিকে সুরক্ষিত রাখতে অনেকেই শক্তিশালী এন্টিভাইরাস ব্যবহার করছেন। তাদের মতে, এন্টিভাইরাস না থাকলে কম্পিউটারে ভাইরাসের আক্রমণ হয় আর ভাইরাস আক্রমণে কম্পিউটারের যাবতীয় তথ্য নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা এমনটি মনে করেন না। তাদের মতে, এন্টিভাইরাস ব্যবহার করে যেমন তথ্য সুরক্ষা করা যায় ঠিক এন্টিভাইরাস ব্যবহার না করে কয়েকটি কৌশল অবলম্বন করেও সেটি করা সম্ভব। অ্যান্টিভাইরাস পিসির পারফরম্যান্সকে প্রভাবিত করে বলে অনেকেই অ্যান্টিভাইরাস ব্যবহার করতে চান না। তবে ভাইরাস আক্রমণ করলে অ্যান্টিভাইরাসের বিকল্প নেই বললেই চলে। আর ভাইরাসে আক্রান্ত না হয়ে থাকলে কিছু পদ্ধতি অবলম্বন করলে ভাইরাসের আগমন ঠেকানো যায়। এ রকম কয়েকটি কৌশলের কথা তুলে ধরা হয়েছে এ লেখায়।

ব্রাউজিংয়ের অভ্যাস বদলে দিন

পিসি ব্রাউজিংয়ে সতর্কতা আপনাকে ভাইরাসের আক্রমণ থেকে অনেকটাই মুক্ত রাখতে সক্ষম হবে। আসলে আপনি অ্যান্টিভাইরাস ব্যবহার করুন বা না করুন, ব্রাউজিংয়ে সতর্ক থাকুন। একটা বিষয় মনে রাখবেন, আপনার পিসিতে ভাইরাস না থাকলে নিজে নিজে ভাইরাস তৈরি হবে না। ভাইরাস পিসিতে প্রবেশের অন্যতম মূল মাধ্যম হচ্ছে ইন্টারনেট। কাজেই যদি সতর্কতার সাথে ইন্টারনেট ব্রাউজ করেন তাহলে অনেকটাই সুরক্ষিত থাকবেন। সন্দেহজনক কোনো ওয়েবলিংকে না ঢোকাই ভালো। বিশেষ করে অজানা ঠিকানার ইমেইলে কোনো লিংক থাকলে সেটাতে সরাসরি ঢুকবেন না। যারা ইন্টারনেট ব্যবহারে খুব এক্সপার্ট না, তারা যেকোনো সাইটে ঢুকতে কোনো অস্বাভাবিক দৃশ্য দেখলেই সেই সাইট পরিহার করুন।

বহনযোগ্য ডিভাইস ব্যবহারে সাবধান

ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো পিসি ব্রাউজিংয়েও সতর্ক হলে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। ইন্টারনেটের পাশাপাশি বহনযোগ্য ডিভাইসগুলো থেকেও পিসিতে ভাইরাস আসতে পারে। পোর্টেবল হার্ডডিস্ক, পেনড্রাইভ, সিডি বা ডিভিডি প্রভৃতি মাধ্যমে অন্য কম্পিউটার থেকে ভাইরাস আসতেই পারে আপনার কম্পিউটারে। কাজেই এসব ডিভাইস পিসিতে সংযুক্ত করলে সরাসরি ডিভাইস ওপেন না করে ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে ডিভাইসে প্রবেশ করা ভালো। এতে সরাসরি কোনো ভাইরাস পিসিতে আক্রমণ করতে পারে না। আর ডিভাইস ওপেন করে ফাইলগুলো দেখে নিরাপদ ফাইলগুলো নির্বাচন করে নিতে পারবেন।

হিডেন ফাইল ও ফাইল এক্সটেনশন প্রদর্শিত রাখুন

আর পিসিতে সবসময় হিডেন ফাইল প্রদর্শন করা রাখুন এবং ফাইল এক্সটেনশনও প্রদর্শিত রাখুন। এতে কোনো ডিভাইসে প্রবেশ করলে তাতে হিডেন ফাইল কিংবা অজানা বা সন্দেহজনক এক্সটেনশনের ফাইল থাকলে সহজেই চোখে পড়বে। আর এসব বেশেই সাধারণত ভাইরাস পিসিতে প্রবেশ করে। কাজেই এসব বিষয়ে আপনার সতর্কতা আপনাকে চিন্তামুক্ত রাখবে। আর ফাইল এক্সটেনশন সম্পর্কে যতটা সম্ভব জেনে রাখুন। কোন কোন ধরনের এক্সটেনশনের ফাইল পিসির জন্য ক্ষতিকর, সেগুলো চিনে রাখতে পারলে তা থেকে মুক্ত থাকাটাও সহজ হবে।

সফটওয়্যার আপডেট রাখুন

আপনার সিস্টেমে যেসব সফটওয়্যার ব্যবহার করে থাকেন, সেগুলোকে যথাসম্ভব আপডেট রাখুন। আপডেটেড সফটওয়্যারগুলো সবসময়ই আগের সংস্করণগুলোর তুলনায় নিরাপত্তার দিক থেকে শক্তিশালী হয়। ফলে আপডেট সফটওয়্যার পিসিতে অনাকাঙ্ক্ষিত কোনো ফাইলের উপস্থিতি এবং প্রবেশ থেকে সুরক্ষা দেয়।