শুয়ে থাকার চাকরি দিচ্ছে নাসা, বেতন সাড়ে ১৫ লাখ

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২১:৪০

ঘুমানোর চাকরি দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আবেদনকারীদের মধ্য থেকে মোট ২৪ জনকে চাকরি দেওয়া হবে। তাদের কাজ হবে নাসার গবেষণার অংশ হিসেবে ৬০ দিন গবেষণাগারের বিছানায় শুয়ে থাকা। এজন্য তাদের প্রত্যেককে বেতন হিসেবে দেওয়া হবে ১৪ হাজার ১৭৭ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৫ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

ইউরোপীয়ান স্পেস এজেন্সির সঙ্গে সমন্বিতভাবে এ গবেষণা পরিচালনা করছে নাসা। এজন্য বাছাইকৃত ২৪ জন আগামী সেপ্টেম্বরে জার্মান অ্যারোস্পেস সেন্টারে যাওয়ার সুযোগ পাবেন। সেখানেই বৈজ্ঞানিক গবেষণার জন্য দুই মাস ধরে শুয়ে থাকতে হবে তাদের। এর মাধ্যমে কৃত্রিম মাধ্যাকর্ষণের সম্ভাব্যতা যাচাই করতে হবে। জার্মানিতে তাদের দুইটি দলে ভাগ করে দিয়ে একটি কক্ষে রাখা হবে। এ সময়ের মধ্যে খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক কাজ সবকিছুই করতে হবে শুয়ে শুয়ে।