সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৩
 
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে মির্জাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের আবুল হোসেন শেখের ছেলে ইসরাফিল শেখ (২৮) ও একই গ্রামের জিল্লুর রহমানের শিশু কন্যা জুই খাতুন (৭)।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, তালা উপজেলার নওয়াপাড়া থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান কয়েকজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাকের ইঞ্জিন ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত  ও পাঁচজন আহত হন। নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে, আহতদের পাটকেলঘাটাসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা এ সময় ট্রাকটি আটক করে পাটকেলঘাটা থানায় সোপর্দ করেছে।
 
ইত্তেফাক/এএসএস