শুক্রবার এবারের মৌসুমের কোপা ডেল রে’র শেষ ১৬’র ড্র অনুষ্ঠিত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আবারো নক আউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে পরিচিত প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিক বিলবাওয়ের।
জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম লেগের ম্যাচ খেলতে স্যান মামেসে যাবে বার্সা। এক সপ্তাহ পরে ক্যাম্প ন্যুতে আতিথ্য দিবে বিলবাওকে। গত আট মৌসুমে তিনটি কোপা ডেল রে ফাইনালে অ্যাথলেটিককে পরাজিত করেছে বার্সেলোনা। গত মৌসুমে দুই দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল। মাদ্রিদের ফাইনালে সেভিয়াকে অতিরিক্ত সময়ে ২-০ গোলে পরাজিত করে লুইস এনরিকের দল শিরোপা জিতেছিল।
শেষ ১৬’তে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সেভিয়া। সানতিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। মৌসুমের শুরুতে ইউয়েফা সুপার কাপের অনেকটা পুনরাবৃত্তিই যেন হতে যাচ্ছে। আগস্টে নরওয়ের শহর ট্রোনডেইমে অনুষ্ঠিত ম্যাচটিতে ডানি কারভাজালের শেষ মুহূর্তের গোলে মাদ্রিদ অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জয়ী হয়েছিল। ১৫ জানুয়ারি সানচেজ পিজুনানে লা লিগায় মুখোমুখি হবার আগেই ফিরতি লেগে দুই দল একে অপরের সাথে লড়াইয়ে নামবে।
কোপা ডেল রে’র শেষ ১৬’তে এবার অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ লাস পালমাস। অন্যদিকে লা লিগায় চতুর্থ স্থানে থাকা ভিয়ারেলের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এদিকে আলকোরকোন ও করডোবা একসাথে ড্র’তে পড়ায় কোয়ার্টার ফাইনালে একটি দ্বিতীয় সারির দলের যাওয়া নিশ্চিত হয়েছে। পেনাল্টিতে শীর্ষ সারির দল এস্পানেয়লকে হারিয়ে মাদ্রিদ ক্লাব আলকোরকোন শেষ ১৬’তে জায়গা করে নিয়েছে। অন্যদিকে মালাগাকে বিদায় করে নক আউট পর্ব নিশ্চিত করেছে করডোবা।
শেষ ১৬ ড্র :
লাস পারমাস বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ
আলকোরকোন বনাম কোরডোবা
অ্যাথলেটিকো বিলবাও বনাম বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ বনাম সেভিয়া
রিয়াল সোসিয়েদাদ বনাম ভিয়ারেল
দিপোর্তিভো লা করুনা বনাম আলাভেস
ভ্যালেন্সিয়া বনাম সেল্টা ভিগো
ওসাসুনা বনাম এইবার
প্রথম লেগের ম্যাচ ৪ জানুয়ারি ও দ্বিতীয় লেগের ম্যাচ ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাসস।
ইত্তেফাক/আরএ
