বিজয় দিবস হকির ফাইনালে সেনাবাহিনী ও নৌবাহিনী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ২১:০০
মার্সেল বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৭-০ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে ফাইনালে ওঠে।
 
আর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে ৫-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার বেলা পৌনে তিনটায় মার্সেল বিজয় দিবস হকির শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে সেনাবাহিনী ও নৌবাহিনী।
 
শনিবার প্রথম সেমিফাইনালে বিমানবাহিনীর বিপক্ষে সেনাবাহিনীর খোরশেদুর রহমান ৩টি গোল করেন (১০মি. ৪৭মি. ও ৫১মি.)। তার মধ্যে ২টি পিসি ও ১টি স্ট্রোক থেকে গোল করেন।  মো. মিলন হোসেন করেন ২টি ফিল্ড গোল (২৪মি. ও ৫৭মি.)। হাসান যুবায়ের নিলয় (৫০মি. ফিল্ড) ও  আব্দুল মালেক (৬৩মি. ফিল্ড) ১টি করে গোল করেন।
 
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নৌ বাহিনীর রাসেল মাহমুদ জিমি ২টি ফিল্ড গোল (৩৭মি. ও ৫৪মি.) করেন। এ ছাড়া রোমান সরকার (৪১মি. ফিল্ড), মাইনুল ইসলাম (৪১ মি. ফিল্ড) ও কৃষ্ণ কুমার দাস (৬৭ মি. ফিল্ড) ১টি করে গোল করেন। বিকেএসপির সোহানুর রহমান ২০ মিনিটের সময় একটি পিসি এবং রাজিব দাস ৫০ মিনিটের সময় একটি ফিল্ড গোল করে ব্যবধান কমান।
 
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
 
ইত্তেফাক/এমএইচ