দেশের উন্নয়নে তরুণরাই একনিষ্টভাবে কাজ করে যাচ্ছেন, চলতি বছরের মতো আসছে ২০১৭ সালেও এ তরুণ সমাজই আরো সফলতা বয়ে আনবে বলে মনে করছেন বিভিন্ন উন্নয়ন খাতে কাজ করা এমন কিছু তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তারা। আর এজন্য সরকারকে কার্যকরী উদ্যোগ নেয়ার পরামর্শ সুশীল সমাজের। দৈনিক ইত্তেফাকের আয়োজিত ‘যেমন চাই ২০১৭-তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব বিষয়ে তথ্য তুলে ধরা হয়।
২৫ ডিসেম্বর রবিবার বৈঠকটির আয়োজন করা হয় কাওরান বাজারে অবস্থিত ইত্তেফাক কার্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেওয়াজ মোর্শেদ পাটোয়ারী, ইত্তেফাকের ফিচার ইন চার্জ খালেদ আহমেদসহ অনেকে।
এছাড়া দশটি উন্নয়ন খাত থেকে বৈঠকে অংশগ্রহন করেন ১০ জন শিক্ষার্থী, লেখক ও তরুণ উদ্যোক্তারা। এরমধ্যে সংস্কৃতি শিল্পকলায় জানাতুন নাঈম প্রীতি, শিশু অধিকারে এস এম আল মাহমুদ, নারী নেতৃত্বে নিশাত রাইহান অমনি, গবেষণায় সাইফুল্লাহ সাদেক, শিক্ষা ব্যবস্থায় শাহ জালাল জোনাক, গণমাধ্যম ও সাংবাদিকতায় তানজিনা রহমান তাসনিম, তরুণ উদ্যোগে আবুল হাসনাত সোহাগ, স্বাস্থ্য ও পর্যটনে সাকিয়া হক ও তথ্যপ্রযুক্তিতে জোবায়ের আল নাজী। উপস্থিত ১০ জনের প্রায় সবাই কোন না কোন সামাজিক উন্নয়ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
IMG0
স্বাগত বক্তব্যে দৈনিক ইত্তেফাক’র ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত বলেন, ‘দেশের উন্নয়ন খাতগুলোতে তরুণরাই উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। চলতি বছরের মতো আগামী বছরেও তারা আরো ভাল কাজ করবে বলে আশা করছি। তরুণরা দেশের সংস্কৃতি-ঐতিহ্য এবং বাংলা ভাষার পরিচিতিকে বিশ্বদরবারে পৌছে দিতে পারে। ২০১৭ সালে এসব বিষয়ে ভাল খবর তারা বয়ে আনতে পারে।’
তরুণ উদ্যোক্তাদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানাতুন নাঈম প্রীতি সংস্কৃতির বিকাশে সুষ্ঠু পদক্ষেপ নেয়ার কথা বলেন। শিক্ষা নিয়ে স্টেপিং টুয়ার্ডস এ ড্রিমী ল্যান্ডের প্রধান নির্বাহী শাহ জালাল জোনাক শিক্ষা ব্যবসা বন্ধে সরকারকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহবান জানান। একইভাবে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা রহমান তাসনিম গণমাধ্যমের বিকেন্দ্রীকরণ, স্বাধীনতা এবং চাকুরীর ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশের উন্নয়নের কথা বলেন।
IMG1
আলোচকদের মধ্যে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেয়াজ মোর্শেদ পাটোয়ারী বলেন, বর্তমান মানবসম্পদ নিয়ে সঠিক ব্যবস্থাপনা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেক্ষেত্রে সবার মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে।
এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম দেশের সাম্প্রতিক উন্নয়নচিত্র তুলে ধরে বলেন, আমাদের কৃষি, শিল্প ও মানবসম্পদে সম্ভাবনা অপরিসীম। আর এখাতগুলো নিয়ে সবচেয়ে ভাল কাজ করতে পারে আমাদের তরুণ সমাজ।
চলতি বছরের একেবারে শেষপ্রান্তে আমরা দাড়িয়ে, আশা করা হচ্ছে আসছে বছরেও বিশ্বদরবারে বাংলাদেশ ছড়াবে উন্নয়নের বার্তা-এমন আশা তারণ্যের।
ইত্তেফাক/এমএআর
