বড়দিনে দেশকে মিস করছেন রোনালদো

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৩
বড়দিনের এই উৎসবের সময়টাতে নিজের বাড়ি পর্তুগালের মেডেইরাতে যাবার আগ্রহ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ে বাড়ির কথা খুব বেশি মনে পড়ছে বলেই জানিয়েছেন সিআর সেভেন।
 
২০০৩ সালে স্পোর্টিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যাবার মাধ্যমে খুব কম বয়সেই পর্তুগাল ছেড়েছিলেন এই তারকা স্ট্রাইকার। ২০০৯ সালে যুক্তরাজ্য থেকে স্পেনে পাড়ি জমান। তারপর থেকেই রিয়াল মাদ্রিদের সাথে আত্মিক এক সম্পর্ক গড়ে তুলেছেন। একটি লা লিগা শিরোপাসহ মাদ্রিদকে উপহার দিয়েছেন দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ডিসেম্বরের শুরুতে বছর জুড়ে অসাধারণ পারফরমেন্সের পুরস্কার হিসেবে ৩১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা ব্যালন ডি’অর জয় করেন। সারাবছরে মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে গোল করেন ৪২টি। এবারের গ্রীষ্মে প্রথমবারের মত পর্তুগালকে উপহার দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক বার্তায় রোনালদো বাড়ির কথা উল্লেখ করে বলেছেন, ‘এটা বড়দিন...বছরের এই সময়টা শুধুমাত্র আমি নই, সবাই নিজ বাড়িতে ফিরতে উদগ্রীব থাকে। মেডেইরায় কয়েকদিন কাটাতে পারলে দারুণ হতো। সেখানকার অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য।’
 
ইত্তেফাক/এমএইচ