নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামে যৌতুকের দাবিতে তামান্না খাতুন (২০) নামে এক গৃহবধূকে হত্যা করে মৃতদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার বিকেলে পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আরমান হোসেন (২৪) ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।
ধামইরহাট থানার ওসি একরামুল হক সরকার জানান, ওই গ্রামের আশরাফ হোসেনের ছেলে আরমান প্রায় এক বছর আগে পাশের জয়পুরহাট জেলার বাসকাটা গ্রামের দিন মজুর মোজাফ্ফর হোসেনের মেয়ে তামান্নাকে বিয়ে করে। বিয়ের পর থেকে যৌতুক পরিশোধের দাবি করে ওই গৃহবধূর ওপর নির্যাতন করছিলেন তিনি। এর এক পর্যায় গত শনিবার রাতে আরমান হোসেনের স্ত্রী তামান্নাকে শারীরিক নির্যাতন চালিয়ে শ্বাসরোধে হত্যার পর তার মৃতদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখে। রবিবার সকালে গ্রামের লোকজন ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এই ঘটনায় তামান্নার বড় ভাই বাদী হয়ে আরমান হোসেনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ওসি বলেন, ঘাতক স্বামীসহ এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই
