গ্যাস সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ১৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থ ব্যয় করে দেশের প্রধান গ্যাস ক্ষেত্রগুলোর উন্নয়নের পাশাপাশি বিতরণ ব্যবস্থারও উন্নয়ন করা হবে। এ বিষয়ে সরকারের সঙ্গে বুধবার এডিবির দ্বিপাক্ষিক ঋণচুক্তি স্বাক্ষর হবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত মাসে এডিবির সদর দফতর ম্যানিলায় অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এডিবির অর্থায়নে নেওয়া প্রকল্পটিতে চীনের নেতৃত্বে নবগঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ৬ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে। এটি এআইআইবির যৌথ অর্থায়নে বাংলাদেশে এডিবির দ্বিতীয় প্রকল্প। সব মিলে প্রকল্পে বিদেশি সহায়তা আসবে ২২ কোটি ৭০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা।
চুক্তির আওতায় এডিবি প্রাকৃতিক গ্যাস অবকাঠামো এবং দক্ষতা উন্নয়ন প্রকল্পে সহায়তা দেবে। তিতাস গ্যাস ক্ষেত্রে ওয়েলহেড গ্যাস কমপ্রেসার স্থাপনের মাধ্যমে গ্যাস উত্পাদন বৃদ্ধি এবং চট্টগ্রাম থেকে ফেনী হয়ে বাখরাবাদ পর্যন্ত ৩৬ ইঞ্চি প্যারালাল ১৮১ কিলোমিটার গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন ক্ষমতা বাড়ানোই এই প্রকল্পের উদ্দেশ্য।
বর্তমান ১৭৫ কিলোমিটার ২৪ ইঞ্চির প্যারালালের বাখরাবাদ-চট্রগ্রাম গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের কারণে চট্টগ্রামের কিছু এলাকায় কখনো কখনো গ্যাস সংকট দেখা দেয়। নতুন গ্যাস ট্রান্সমিশন লাইন স্থাপনের ফলে দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটির আওতায় সাতটি কমপ্রেসার বসানো হবে। এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র তিতাসে গ্যাসের চাপ বাড়বে। পাশাপাশি এর আওতায় চট্টগ্রাম থেকে বাকরাবাদ পর্যন্ত ১৮১ কিলোমিটার দীর্ঘ গ্যাসের পাইপলাইন স্থাপন করা হবে। ২০২১ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে ৪৫ কোটি ৩০ লাখ ডলার ব্যয় হবে। এতে বাংলাদেশ সরকারের তহবিল থেকে ব্যয় হবে ২২ কোটি ৬০ লাখ ডলার।
