পুঁজিবাজারের লেনদেনে দীর্ঘদিন ধরেই প্রকৌশল খাতের অবদান সবচেয়ে বেশি। গেল সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতের কোম্পানিগুলো ঘিরে।
ডিএসইর তথ্যে দেখা গেছে, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমেসর শেয়ারকে কেন্দ্র করেই মূলত এ খাতে বেশি লেনদেন হয়েছে। এ কোম্পানিতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২০০ কোটি ৭৫ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৩০ শতাংশ। এছাড়া গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রকৌশল খাতের এপোলো ইস্পাত। এ কোম্পানিতে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৯৬ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৭ শতাংশ। প্রকৌশল খাতের ইফাদ অটোসের শেয়ারে লেনদেন হয়েছে ১১২ কোটি ৬২ লাখ টাকা। এছাড়া প্রকৌশল খাতের প্রায় সব কোম্পানিতেই লেনদেন হয়েছে বেশি। তাই বাজারের লেনদেনের ক্ষেত্রে প্রকৌশল খাতের অবদান হয়েছে সবচেয়ে বেশি।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৩ শতাংশই হয়েছে প্রকৌশল খাত ঘিরে। লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে ছিল ওষুধ খাত। এ খাতে লেনদেন হয়েছে ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৩ শতাংশ। গত সপ্তাহে এই খাতে প্রতিদিন গড়ে ১১৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বস্ত্র খাত। এ খাতে লেনদেন হয়েছে ডিএসইর মোট লেনদেনের ১১ শতাংশ। প্রতিদিন এ খাতে গড়ে ৯৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৮ শতাংশ, আর্থিক ও জ্বালানি-বিদ্যুত্ খাতে ৭ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে ৬ শতাংশ, সেবা-আবাসন ও সিমেন্ট খাতে ৫ শতাংশ, বিবিধ খাতে ৪ শতাংশ, আইটি খাতে ৩ শতাংশ লেনদেন হয়েছে। এছাড়া ট্যানারি, টেলিকমিউনিকেশন, মিউচুয়াল ফান্ড ও বিমা খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।
