বিজয় দিবস হকিতে নৌবাহিনী চ্যাম্পিয়ন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৪
বিজয় দিবস হকির শিরোপা জিতলো নৌবাহিনী। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে সেনাবাহিনীকে ৩-২ গোলে হারায় তারা। 
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে বিজয় দিবস হকির চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী। 
 
চ্যাম্পিয়ন দল নৌবাহিনী ৫০ হাজার ও রানার্স-আপ সেনাবাহিনী ৩০ হাজার টাকা প্রাইজমানি পায়। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড়দের হোম অ্যাপ্লায়েন্স দেয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সেনাবাহিনীর পুরস্কার খিসা মিমো। আর সর্বোচ্চ গোলদাতা হন সেনাবাহিনীর খোরশেদুর রহমান। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ১০ হাজার টাকা করে প্রাইজমানি পায়।
 
এদিন ম্যাচের প্রথমার্ধে অবশ্য কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের সময় সেনাবাহিনীর খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৬৫ মিনিটে নৌবাহিনীর অধিনায়ক রাসেল মাহমুদ জিমি পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায়। সেই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের লড়াই। এরপর টাইব্রেকারে নৌবাহিনী ৩-২ ব্যবধানে সেনাবাহিনীকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
 
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
 
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. মাহাবুবুল এহসান রানা ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 
ইত্তেফাক/এমএইচ