মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৪২ রান তুলেছে পাকিস্তান। ব্যাট হাতে একাই লড়াই করছেন ওপেনার আজহার আলী। ৬৬ রানে অপরাজিত আছেন তিনি। আজহারের প্রতিরোধের পর বৃষ্টির কারণে ৫০ দশমিক ৫ ওভার পরই প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়।
বক্সিং-ডে টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। শুরু থেকেই সর্তকভাবে ব্যাট চালান পাকিস্তানের দুই ওপেনার সামি আসলাম ও আজহার আলী। ১১ ওভার শেষে স্কোর বোর্ডে মাত্র ১৬ রান সংগ্রহ তাদের। এর মধ্যে বাউন্ডারি মাত্র একটি।
তবে ১২তম ওভারে গিয়ে নিজেদের আর এক সাথে রাখতে পারলেন না আসলাম ও আজহার। চতুর্থ বোলার হিসেবে প্রথমবারের মতো আক্রমণে এসেই ৪১ বলে ৯ রান করা আসলামকে আউট করেন অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিঁও।
এরপর বাবর আজমকে নিয়ে ৪২ ও অভিজ্ঞ ইউনিস খানকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থায় নিয়ে যান আজহার। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ইউনিস যখন ফেরেন তখন পাকিস্তানের সংগ্রহ ১১১ রান। বাবর ২৩ ও ইউনিস ২১ রানে ফেরেন।
ইউনিস থাকা অবস্থায় টেস্ট ক্যারিয়ারের ২৫তম ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন আজহার। ইউনিসের পর ক্রিজে গিয়ে বেশিক্ষণ থাকতে পারেননি অধিনায়ক মিসবাহও। মাত্র ১১ রান করেন তিনি। তাই প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ১৩৭ রান করা আসাদ শফিককে নিয়ে চা-বিরতির আগেই দিন শেষ করেন আজহার। কারণ, চা-বিরতির কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হলে পরবর্তীতে পন্ড হয়ে যায় দিনের বাকি খেলা।
৪টি চারে ১৩৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন আজহার। এই ইনিংস খেলার পথে চলতি বছর টেস্ট ফরম্যাটে ১ হাজার রানও পূর্ণ করলেন আজহার। শফিক অপরাজিত আছেন ৪ রানে। অস্ট্রেলিয়ার জ্যাকসন বার্ড ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে) :
পাকিস্তান : ১৪২/৪, ৫০.৫ ওভার (আজহার ৬৬*, বাবর ২৩, ইউনিস ২১, বার্ড ২/৫৩)।
ইত্তেফাক/এমএইচ
