শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন ৫নং সুদিয়াখলা ওয়ার্ডের দক্ষিণ পার্শ্বের বিস্তীর্ণ ফসলের মাঠে পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে প্রায় শতাধিক একর জমির বোর ধান। স্থানীয় কৃষকরা কাঁধে ভাঁড় দিয়ে পানির যোগান দিয়েও রক্ষা করতে পারছেন না জমির ধান। পানির অভাবে নষ্ট হওয়ার পথে ওই জমিগুলোর ফসল। চাষিরা ফসল ঘরে তুলতে না পারলে তাদের পরিবারে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা ভাঁড় বয়ে নদী থেকে পানি এনে জমিতে দিচ্ছে। আলাপকালে স্থানীয় কৃষক মো. ছাদেক মিয়া, ফয়সল মিয়া, কসির মিয়া, হাসেম মিয়া ও বাবুল মিয়া বলেন, তারা খোয়াই নদী থেকে পানি সেচের মাধ্যমে সারা বছর বোর ফসলসহ বিভিন্ন চাষাবাদ করে আসছেন। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল খোয়াই নদী থেকে পানি সেচের বদলে বালি উত্তোলনে ব্যস্ত। ওই মহলটি বর্তমানে অধিক টাকার লোভে কৃষকদের পানি সরবরাহ না করে বালু উত্তোলন করছে। এর ফলে পানির অভাবে ধান চাষিদের মাথায় হাত দেওয়া ছাড়া উপায় নাই। এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করছেন স্থানীয় কৃষকরা —ইত্তেফাক
