মালিবাগে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ০০:২৫

রাজধানীর মালিবাগে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই নিহত ব্যবসায়ীর নাম সাত্তার মণ্ডল (৪০)। গতকাল সোমবার সকালে দুর্বৃত্তরা তার বাসায় গিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে বেলা দেড়টার দিকে গুরুতর অবস্থায় তাকে বাসা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত আবদুস সাত্তার কাপড় ও সুতার ব্যবসায়ী। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। তিনি মালিবাগের পাবনা কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সম্প্রতি তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে গিয়েছেন। গতকাল তিনি একাই ওই বাসায় ছিলেন।

 
জানা গেছে, সাত্তার মণ্ডলের ছেলে শাওনের বন্ধু ফুহাদ হাসপাতালে সাংবাদিকের জানান, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে শাওন ফোন করে তাদের বাসায় যেতে বলে। এরপর তিনি ওই বাসায় গিয়ে দেখেন সাত্তার মণ্ডল রক্তাক্ত অবস্থায় বাসার মেঝেতে পড়ে আছেন। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত। রক্তজমাট বেঁধে রয়েছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। শাওনের বরাত দিয়ে ফুহাদ বলেন, বাড়ির মালিক দুপুরে   শাওনকে বিষয়টি ফোন করে জানান। পরে শাওন আমাকে ফোন করে তাদের বাসায় যেতে বলে।
 
এদিকে নিহত আবদুস সাত্তারের প্রতিবেশী মেহেদী হাসান জানান, সকালে আবদুস সাত্তারের ছেলে মোবাইল ফোনে তার বাবাকে পাচ্ছে না বলে তাকে জানায়। পরে ওই বাসায় গিয়ে আবদুস সাত্তারের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তিনি। এরপর স্থানীয়দের সহযোগিতায় আবদুস সাত্তারকে দুপুর সোয়া একটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
শাহজানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এএন