হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র কলেজ থেকে না দিয়ে শিক্ষার্থীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে কলেজের নির্ধারিত কয়েকটি কম্পিউটার দোকানে। যেখানে একটি প্রিন্ট নিতে ১০/১৫ টাকা খরচ হয় সেখানে শিক্ষার্থীদের দিতে হচ্ছে ৩০/৪০ টাকা। এ নিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা জানায়, আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এ কলেজ থেকে তিনটি বিভাগে ১ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। পরীক্ষার প্রবেশপত্র কলেজ থেকে দেওয়ার নিয়ম থাকলেও সেখানে মিলছে না প্রবেশপত্র। উল্টো কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে পরীক্ষার্থীদের জানিয়ে দেন, সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট অথবা কলেজের পাশের কম্পিউটার দোকান থেকে প্রবেশপত্র প্রিন্ট করিয়ে নিতে। অথচ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে কোনো ধরনের প্রবেশপত্র আপলোড করা হয়নি।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এলিয়াছ হোসেন জানান, পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রবেশপত্র কম্পিউটারের দোকানগুলোতে সরবরাহ করা হয়েছে। বিনামূল্যের প্রবেশপত্র কলেজের ওয়েবসাইটে আপলোড না করে কম্পিউটার দোকানে কেন সরবরাহ করা হলো এ প্রশ্নের উত্তরে তিনি জানান, কম্পিউটারজনিত সমস্যার কারণে ওয়েবসাইটে আপলোড করা যায়নি। এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, এইচএসসি’র প্রবেশপত্র কলেজ অধ্যক্ষ কর্তৃক সরবরাহ করার কথা। তবে তিনি পরীক্ষার্থীদের সুবিধা চিন্তা করলে ওয়েবসাইটে আপলোড করতে পারেন।
