নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশের পোনা জাটকা নিধনের অপরাধে ১৫ জনকে এক বছর করে, ১ জনকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৬ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান মানিক।
এক বছর কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হচ্ছেন—আব্বাস আলী, রহমত আলী, হানিফ হাওলাদার, হযরত আলী, জাহাঙ্গীর দেওয়ান, কামাল গাজী, হোসেন হাওলাদার, জাকির হাওলাদার, রৌশন আলী দেওয়ান, দেলোয়ার মাঝি, ফরিদ মাঝি, জিল্লুর রহমান, মনির মাঝি, আল-আমিন ও সাকিব আহম্মেদ। দুই বছর কারাদণ্ড প্রাপ্ত হলেন মানিক মাল। ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রাপ্ত হলেন— বোরহান, ইব্রাহীম, জিহাদ বেপারী, সোলায়মান মাঝি, শৌরভ বেপারী ও জনি পাটওয়ারী। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, মেঘনা নদীতে টাস্কফোর্স বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে জেলেদের আটক করেন। কারাদণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের কাঁচাকলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মিজানুর রহমান ও মোহাম্মদ রাসেল। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দীন জানান, আটক মিজান ও রাসেলের স্বীকারোক্তিতে তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে কোর্টে চালান দেওয়া হয়েছে বলে জানান ওসি।
