ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সংগীত সন্ধ্যা ৩১ ডিসেম্বর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৭:২০
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আগামী ৩১ ডিসেম্বর রাজধানীতে এক রবীন্দ্র সংগীত ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে। এতে মিরা মন্ডল রবীন্দ্র সংগীত ও নিমাই মন্ডল আবৃত্তি পরিবেশন করবেন। 
 
আজ মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 
 
শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় এই রবীন্দ্র সংগীত ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরা মন্ডল উস্তাদ নিত্যগোপাল সাহা ও তার পুত্র অপূর্ব সাহার কাছ থেকে উচ্চাঙ্গ সংগীতে দীক্ষা নেন। তিনি ছায়ানটে সংগীতে ৫ বছর মেয়াদী কোর্স সম্পন্ন করেন। 
 
মিরা মন্ডল বাংলাদেশ ও ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংগীত পরিবেশন করেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং বর্তমানে একটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সংগীত বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
 
অপরদিকে ড. নিমাই মন্ডল প্রখ্যাত আবৃত্তি শিল্পী ওয়াহিদুল হক, নরেণ বিশ্বাস, কাজী আবু জাফর সিদ্দিক, ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রমুখের কাছ থেকে আবৃত্তির ওপর প্রশিক্ষণ নেন। তিনি আবৃত্তিতে বাংলাদেশের একমাত্র পিএইচডি ডিগ্রিধারী। 
 
এই সংগীত ও আবৃত্তি সন্ধ্যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এতে অংশগ্রহণের জন্য কোন আমন্ত্রণপত্র সংগ্রহের প্রয়োজন নেই বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। -বাসস।
 
 
ইত্তেফাক/এমআই