চন্দনাইশে বিস্ফোরক মামলায় এলডিপির ১১ জন কারাগারে

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:২২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিস্ফোরক আইনি মামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র উপজেলা ও পৌরসভার সাধারণ সম্পাদকসহ ১১ জন নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে ওই ১১ জন নেতা-কর্মী হাজির হয়ে বিজ্ঞ আদালতে জামিন আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালত জামিন নামঞ্জুর করে বিস্ফোরক দ্রব্য মামলায় তাদের কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় সমন্বয়কারী এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সংসদ প্রার্থী কর্নেল (অব:) অলি আহমদের সমর্থকদের সাথে উপজেলার সাতবাড়িয়া আশরাফ মহুরীহাটে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর কর্মী-সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনায় চন্দনাইশ থানায় একটি বিস্ফোরক দ্রব্য মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১১ জন এলডিপির নেতা-কর্মী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এ সময় আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম।