নৌ বহরে 'নবযাত্রা' ও 'জয়যাত্রা' নামে দু'টি সাব-মেরিন যুক্ত হচ্ছে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:০৬
নৌ বাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেছেন, "নৌ বাহিনী আধুনিকীকরণ ও যুগোপযোগী করার জন্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসাবে নৌ বহরে 'নবযাত্রা' ও 'জয়যাত্রা' নামের দু’টি সাব-মেরিন যুক্ত হচ্ছে। ইতিমধ্যেই সাব-মেরিন দু'টি দেশে এসে  পৌঁছেছে। খুব শিগগির সাব-মেরিন দু'টি কমিশনের মাধ্যমে নৌ বাহিনীর ত্রি-মাত্রিক শক্তি হিসাবে উন্মোচিত হবে।"
 
মঙ্গলবার বেলা ১১টায় খালিশপুরস্থ বানৌজা তীতুমিরের প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের (ব্রাভো-২০১৬ ব্যাচ) শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
 
তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা এবং জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
 
অনুষ্ঠানে নৌজা তীতুমিরের অধিনায়ক ক্যাপ্টেন শেখ সালাহউদ্দিন আহমেদ, এরিয়া কমান্ডার কমোডোর শামসুল আলম ও খুলনা অঞ্চলের নৌ গোয়েন্দা প্রধান কমান্ডার গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন। কমান্ডার শাহেদ ছাত্তার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
 
ব্যাচে সেরা চৌকশ নাবিক হিসেবে মো. তুষারুজ্জামান নৌ প্রধান পদক, দ্বিতীয় স্থান অধিকারী ইনজামুল হক পলাশ কমফুল পদক এবং তৃতীয় স্থান অধিকারী আব্দুল্লাহ আল মামুন তীতুমির পদক লাভ করেন। এ ব্যাচে ৭৮৩জন নবীন নাবিকের ২২ মাস প্রশিক্ষণ হয়।
 
ইত্তেফাক/এসএস