অবশেষে টানা ২৩ ঘন্টা পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের আহুত অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে রামেক চিকিৎসক নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগর আওমীলীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখসহ সিনিয়র চিকিৎসক নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকের পর ইন্টার্নি চিকিৎসকরা তাদের ধর্মঘট স্থগিত করে। বৈঠকে এক সপ্তাহের মধ্যে ইন্টার্ন চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে ইন্টার্নিরা তাদের আহুত ধর্মঘট স্থগিত করে বলে জানা গেছে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যার দিকে রামেক হাসপাতালের ২২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন এক প্রসূতির স্বজন শাহীন ও দুলা ভাই মিনারুল ইসলাম মিনির সঙ্গে একজন ইন্টার্নি চিকিৎসকের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রামকের ৫২ তম এমবিবিএস’র শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক পরাগ হোসেন (২৮) আহত হয়। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকে ইন্টার্নি চিকিৎসক পরিষদ।
সোমবার রাত ১০টার পর থেকে তারা এই ধর্মঘট শুরু করে। রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শফিকুল ইসলাম অপু ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে জানিয়ে ছিলেন।
ইত্তেফাক/এএন
