কিশোরগঞ্জ উপজেলায় টেংগনমারী কিশোরগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠায় বৃহস্পতিবার দুপুরে সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করলেন নীলফামারী ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল।
নীলফামারী ৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল বলেন, সড়ক নির্মাণ কাজের তদারকি কর্মকর্তা নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে সড়কে না পেয়ে তাকে ফোন করে সড়কের নির্মাণ কাজের বিষয়ে জানতে চেয়েছি এবং সড়কের নির্মাণ কাজে যাতে কোন ধরনের অনিয়ম না হয় সে বিষয়ে তাকে নির্দেশ দিয়েছি। তিনি আরো বলেন, সড়ক নির্মাণ কাজে কিছু অনিয়ম রয়েছে এ বিষয়ে আমি নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।
ঠিকাদার মোস্তাফা কামাল রোকন বলেন, প্রাথমিকভাবে সড়কের নির্মাণ কাজে খোয়া তৈরির জন্য ৭ লাখ ইট আনা হয়েছে। ভাটা থেকে ইট আনার সময় কিছু নিম্নমানের ইট আসতে পারে। তা ছাড়া সড়ক নির্মাণের তিন বছর সময় পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা রয়েছে।
কাজের তদারকি কর্মকর্তা সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, সড়কের নির্মাণ কাজের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি দুপুরের খাবার খাওয়ার জন্য টেংগনমারী বাজারে গিয়েছিলাম। কিন্তু ঠিক সেই সময় হঠাত্ এমপি আসায় আমাকে সড়কে উপস্থিত না পেয়ে ফোন দিয়েছেন।
নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান বলেন, কিশোরগঞ্জ টেংগনমারী সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ ঠিক নয়। সড়ক নির্মাণ কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করার কোন সুযোগ নেই।
