ঝিনাইদহের কালীগঞ্জে একটি চা বিক্রয় প্রতিষ্ঠান থেকে ১০ হাজার কেজি চা জব্দ ও গুদাম সিলগালা করা হয়েছে। ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চা এনে প্যাকেটজাত করে বিক্রি করার অভিযোগ আনা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুর ফুড গোডাউন পাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আক্কাচ আলীর বাড়িতে এ অভিযান চালায় বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেট। গোডাউনে প্রায় ১০ হাজার কেজি চা মজুদ পাওয়া যায়।
বিজিবি’র ৬ চুয়াডাঙ্গা ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমাম হাসান জানান, আমরা জানতে পারি আক্কাচ আলী নামের একজন ব্যবসায়ী ভারত থেকে অবৈধ ভাবে গুড়া চা এনে টিউলী টি নামে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছেন। এ ছাড়া সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে তিনি ব্যবসা করে আসছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহযোগিতায় এই গোডাউনে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। তিনি আরো জানান, চা এর ব্যবসা করতে হলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তিনটি লাইসেন্স লাগে। কিন্তু তার একটি লাইসেন্সও নেই। এখন প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যবসায়ী আক্কাচ আলী বিজিবির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমি সিলেটের বিভিন্ন স্থান থেকে টেন্ডারের মাধ্যমে চা কিনে এনে প্যাকেটজাত করে বিক্রি করি। টেন্ডারের সময়ই সরকার ট্যাক্স কেটে রাখে বলে তিনি দাবি করেন। আমার ব্যবসা প্রতিষ্ঠানের সব কাগজপত্র আছে বলে দাবি করেন এ চা ব্যবসায়ী।
