সিরাজগঞ্জে এক নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৮:১৭
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানাধীন জালালপুর ইউনিয়নের এক সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি চেংটারচর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সাহেব আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী।
 
এনায়েতপুর থানা পুলিশ জানায়, জালালপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মাহেলা খাতুন গত ২৫ ডিসেম্বর রবিবার একই ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার বিলকিস খাতুনের বাড়িতে পারিবারিক একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যান। অনুষ্ঠান শেষে ওই রাতে বিলকিস মেম্বারের অনুরোধে তার বাড়িতেই থেকে যান মাহেলা মেম্বার। রাত একটার দিকে সুযোগ বুঝে বিলকিসের স্বামী শাহ আলম ঘুমন্ত মাহেলাকে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে এলাকার মাতব্বরা দেন দরবারের চেষ্টা করে ব্যর্থ হলে মঙ্গলবার দুপুরে মাহেলা মেম্বার নিজেই বাদী হয়ে ধর্ষক শাহ আলম ও তার স্ত্রী বিলকিসকে আসামি করে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করেন।
 
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিলা মেম্বার ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
 
ইত্তেফাক/এএম।