যশোরের ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:২৮

অবশেষে যশোর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা সেতু সংলগ্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর উপস্থিতিতে অভিযান শুরু হয়। উচ্ছেদে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হোসেন। তিনি জানান, প্রথমদিনে ৮৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলো উচ্ছেদ করা হবে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ২৯৬ অবৈধ স্থাপনার তালিকা করেছে। সেই তালিকা অনুযায়ী উচ্ছেদ অভিযান চলছে।

বৃহস্পতিবার শহরের দড়াটানা সেতু থেকে বকুলতলা পর্যন্ত ও সেতু সংলগ্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবশ্য বুধবার রাতভর অবৈধ স্থাপনার মালামাল সরিয়ে নেন মালিকরা। তারপরও উচ্ছেদ অভিযানকে ঘিরে দড়াটানা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়। পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়।

২০১৬ সালে ২৭২ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদী ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’ শুরু হয়। ইতোমধ্যে প্রকল্পের ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ৯২ কিলোমিটার খনন কাজের ৭০ কিলোমিটার কাজ চলমান রয়েছে। শহর অংশের চার কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে পুরো প্রকল্পটি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।